বুধবার । এপ্রিল ২৯, ২০২৬
স্পোর্টস ডেস্ক প্রবাস ২৯ এপ্রিল ২০২৬, ৭:১২ পূর্বাহ্ন
শেয়ার

মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের বিশেষ অভিযান: ৪৯ অভিবাসী আটক


malaysia-arrest

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার পাহাং অঙ্গরাজ্যের লিপিস জেলায় এক বিশেষ অভিযানে অন্তত ৪৯ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অবৈধভাবে বসবাস এবং কর্মসংস্থানের অভিযোগে সোমবার (২৭ এপ্রিল) তাদের আটক করা হয়।

পাহাং শাখা ইমিগ্রেশন অ্যাকশন ইউনিটের ১৪ জন কর্মকর্তার সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। লিপিস জেলার বিভিন্ন এলাকায় সন্দেহভাজন আস্তানাগুলোতে তল্লাশি চালিয়ে ৩৩৪ জনকে জিজ্ঞাসাবাদ ও নথিপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে বৈধ নথিপত্র না থাকা এবং ইমিগ্রেশন আইন লঙ্ঘনের দায়ে ৪৯ জনকে শেষ পর্যন্ত আটক করা হয়।

আটককৃতদের ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ৫১(৫)(বি) অনুযায়ী ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বর্তমানে তাদের কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। সেখানে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য অধিকতর তদন্ত চলছে।

পাহাং ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, অবৈধ অভিবাসীদের পাশাপাশি তাদের আশ্রয়দানকারী বা নিয়োগদাতাদের বিরুদ্ধেও কঠোর ও আপসহীন ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে নিজ নিজ এলাকায় অবৈধ অভিবাসীদের উপস্থিতি সম্পর্কে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।