
সংগৃহীত ছবি
২০২৮ সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা করেছে সরকার। এ শিক্ষাক্রমে চারটি নতুন বিষয়—আনন্দময় শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা—অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা ও সংস্কৃতি এবং ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা ও ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বাধ্যতামূলক করা হবে।
নতুন বিষয়গুলোর জন্য কোনো গ্রেড বা জিপিএ থাকবে না; শিক্ষার্থীদের পাস বা ফেল ভিত্তিতে মূল্যায়ন করা হবে বলে জানা গেছে।
খেলাধুলার অংশে প্রাথমিকভাবে ফুটবল, দাবা এবং সম্ভাব্যভাবে ক্রিকেট অন্তর্ভুক্ত করা হবে। সংস্কৃতি বিষয়ে গান, নাচ, আবৃত্তি, বিতর্ক, চিত্রাঙ্কন ও সাহিত্যচর্চার মতো সৃজনশীল কার্যক্রম থাকবে।
কারিগরি শিক্ষাকে মূলধারায় আনতে প্রতিটি স্কুলে পর্যায়ক্রমে কারিগরি ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ‘আনন্দময় শিক্ষা’ বিষয়ের মাধ্যমে নৈতিকতা, পারিবারিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ, মানবাধিকার ও বাস্তবভিত্তিক কর্মকাণ্ডের ওপর গুরুত্ব দেওয়া হবে।
সরকার ২০২৭ সালে কিছু বিষয় পরীক্ষামূলকভাবে চালু করবে। পাইলট প্রকল্পের অভিজ্ঞতার ভিত্তিতে ২০২৮ সালে পূর্ণাঙ্গ শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে।
এদিকে শিক্ষক প্রশিক্ষণ, ক্রীড়া শিক্ষক নিয়োগ এবং সংস্কৃতি শিক্ষার প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এছাড়া বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শিক্ষার পরিকল্পনাও রয়েছে।
















































