
সুস্মিতা দেব
ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের (টিএমসি) রাজ্যসভার সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন দলের জাতীয় মুখপাত্র সুস্মিতা দেব। চলতি সপ্তাহে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এটি দ্বিতীয় বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
এর আগে দলের প্রবীণ নেতা সুখেন্দু শেখর রায়ও রাজ্যসভার সদস্যপদ ছেড়ে দেন। পদত্যাগের সময় তিনি দলের বিরুদ্ধে ‘লাগামহীন দুর্নীতি’ ও ‘নৈরাজ্যকর শাসনের’ অভিযোগ তোলেন।
বুধবার (১০ জুন) সুস্মিতা দেবের পদত্যাগের খবর সামনে আসার পর রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে দিল্লিতে আসামের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে তার বৈঠকের ছবি প্রকাশ্যে আসার পর সেই আলোচনা আরও জোরালো হয়েছে।
যদিও সুস্মিতা এখনও পদত্যাগের কারণ প্রকাশ করেননি, তবে তার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বিজেপিতে যোগ দিতে পারেন কি না, তা নিয়েও চলছে জোর আলোচনা।
একসময় কংগ্রেসে ছিলেন সুস্মিতা দেব। অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আসামের শিলচর আসনে পরাজয়ের পর কংগ্রেস ত্যাগ করে ২০২১ সালে টিএমসিতে যোগ দেন।
দলে যোগ দেওয়ার পর দ্রুতই তিনি টিএমসির জাতীয় পর্যায়ের অন্যতম মুখপাত্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং পরে রাজ্যসভার সদস্য হন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সুখেন্দু শেখর রায়ের পদত্যাগের পর অল্প সময়ের ব্যবধানে সুস্মিতা দেবের সরে দাঁড়ানো টিএমসির অভ্যন্তরীণ সংকট ও অস্বস্তিকে আরও স্পষ্ট করে তুলেছে।
বাংলা টেলিগ্রাফ পর্যবেক্ষণ












































