
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় আবু হানিফ নোমান (৫৩) নামে এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নোমান ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাসুটিয়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। দীর্ঘ ৩৪ বছর মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটানো এই রেমিট্যান্স যোদ্ধার আকস্মিক মৃত্যুতে তাঁর গ্রামের বাড়িতে এখন শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রবিবার (১৪ জুন) সন্ধ্যায় মালয়েশিয়ার পেনাং সিটিতে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন নোমান। পথে একটি সড়ক দুর্ঘটনার শিকার হয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পেনাং সিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহতের ফুফাতো ভাই বাচ্চু জানান, ১৯৯২ সাল থেকে দীর্ঘ প্রায় ৩৪ বছর ধরে মালয়েশিয়ায় প্রবাস জীবনযাপন করছিলেন নোমান। সততার সঙ্গে কঠোর পরিশ্রম করে দেশে রেমিট্যান্স পাঠিয়ে পরিবার ও দেশের অর্থনীতিতে অবদান রেখে আসছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আবু হানিফ নোমানের এই অকাল মৃত্যুতে গফরগাঁও উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। মরহুমের মরদেহ দ্রুত দেশে আনার প্রক্রিয়া চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।














































