
বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরি
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার আঁচ লেগেছে দুবাইয়ে। একের পর এক বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে শহরটিতে। বর্তমানে দুবাইয়ে অবস্থানরত বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরি এই ভয়াবহ পরিস্থিতির প্রত্যক্ষদর্শী হিসেবে নিজের অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে একের পর এক পোস্টে তিনি জানিয়েছেন তাঁর আতঙ্ক, দুশ্চিন্তা এবং নির্ঘুম রাতের যন্ত্রণার কথা।
নার্গিস তাঁর অনুসারীদের জানান, গত দুই দিন দুবাইয়ে এক চরম অস্থির সময় পার করছেন তিনি। রাতের আকাশের ছবি শেয়ার করে এই অভিনেত্রী তাঁর মানসিক অবস্থার কথা তুলে ধরে বলেন, পরের মুহূর্তে কী ঘটতে যাচ্ছে, তা না জানার এক অজানা আতঙ্ক আর উদ্বেগ তাঁকে তাড়া করে বেড়াচ্ছে। মস্তিষ্ক সারাক্ষণ সতর্ক অবস্থায় থাকায় তিনি দীর্ঘ সময় ধরে ঘুমাতে পারছেন না। এই পুরো সময়টা তাঁর কাছে অনেকটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে।
তবে এই কঠিন পরিস্থিতিতেও স্থানীয় প্রশাসনের তৎপরতায় কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন তিনি। কর্তৃপক্ষের নিরাপত্তার প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই তারকা।
গত বছর ক্যালিফোর্নিয়ায় টনি বেইগকে বিয়ে করা নার্গিস সম্প্রতি ‘হাউসফুল ৫’ ছবিতে অভিনয় করে আলোচনায় ছিলেন। বর্তমানে দুবাইয়ের অস্থিতিশীল পরিস্থিতিতে তিনি সব ধরনের নিরাপত্তা নির্দেশিকা মেনে চলছেন এবং সতর্ক দৃষ্টি রাখছেন। তবে তাঁর বক্তব্যে ফুটে উঠেছে যে, যুদ্ধের আশঙ্কা আর চরম অনিশ্চয়তার এই সময়টা মানসিকভাবে মোকাবিলা করা কতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে।









































