বুধবার । মার্চ ৪, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ৩ মার্চ ২০২৬, ৭:২৪ অপরাহ্ন
শেয়ার

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ইরান হামলার চতুর্থ দিন: একনজরে সর্বশেষ


US Israel attack on Iran

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ইরান হামলার চতুর্থ দিন: একনজরে সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত এবং বিস্তৃত সহিংসতায় পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠেছে।

ইরানে রাজধানী তেহরানের গুরুত্বপূর্ণ সরকারি ও ঐতিহাসিক স্থাপনাগুলোতে হামলা হয়েছে। নিহতের সংখ্যা ৭৮৭ ছাড়িয়েছে বলে রাষ্ট্রীয় সূত্র জানিয়েছে, যার মধ্যে রয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ওয়াশিংটন ইরানকে সতর্ক করেছে, ‘এর চেয়েও কঠিন আঘাত’ সামনে আসতে পারে। অন্যদিকে তেহরান হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা এবং জ্বালানি স্থাপনাসহ মার্কিন ও মিত্র স্বার্থে হামলা জোরদার করেছে।

নিচে পরিস্থিতির সর্বশেষ চিত্র তুলে ধরা হলো:

ইরান: তেহরানে গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষতি
রাজধানীতে সাম্প্রতিক হামলায় রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে। এছাড়া ইউনেসকো বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত গোলেস্তান প্যালেসও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও হামলার ইঙ্গিত
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের ওপর ‘সবচেয়ে কঠিন আঘাত এখনও বাকি’।

সামরিক অভিযান অব্যাহত
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত হামলা চলবে।

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের অবস্থান
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, হামলার লক্ষ্য ইরানের নৌ সক্ষমতা দুর্বল করা এবং তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করা।

হরমুজ প্রণালি বন্ধ
ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে এবং সেখানে প্রবেশের চেষ্টা করলে জাহাজে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দিয়েছে।

নিহতের সংখ্যা
ইরানের রেড ক্রিসেন্টের বরাতে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতের সংখ্যা অন্তত ৭৮৭। দক্ষিণ ইরানের একটি মেয়েদের স্কুলে হামলায় অন্তত ১৬৫ জন নিহত হওয়ার খবরও প্রকাশিত হয়েছে।

উপসাগরীয় দেশগুলোতে

কাতার
ইরানের নিক্ষেপ করা ডজনখানেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে কাতার। তবে দুটি ক্ষেপণাস্ত্র আল উদেইদ বিমানঘাঁটিতে আঘাত হানে, যেখানে মার্কিন সেনারা অবস্থান করছে। একটি ড্রোন আগাম সতর্কীকরণ ব্যবস্থায় আঘাত করে।
রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি কাতার এনার্জি হামলার পর এলএনজি উৎপাদন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

কুয়েত
তিনটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ভুলবশত এগুলো ভূপাতিত হয়েছে। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন দূতাবাস লক্ষ্য করে হামলার নিন্দা জানিয়েছে। দূতাবাস ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ ঘোষণা করা হয়েছে।

সৌদি আরব
রিয়াদ ও আল-খারজের কাছে আটটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলায় সীমিত অগ্নিকাণ্ড ঘটে। দূতাবাস বন্ধ রাখা হয়েছে।

মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ
বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে মার্কিন নাগরিকদের বাণিজ্যিক উপায়ে দ্রুত দেশত্যাগের আহ্বান জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাত
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর সীমিত সংখ্যক ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।

ইসরায়েলে: ইরানি হামলা প্রতিহত
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

লেবানন থেকে ছোড়া দুটি ড্রোন প্রতিহত করা হয়েছে। হিজবুল্লাহ তাদের হামলাকে ১৫ মাসের ‘ইসরায়েলি আগ্রাসনের’ জবাব হিসেবে উল্লেখ করেছে।

নেতানিয়াহুর বক্তব্য
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের নতুন ভূগর্ভস্থ বাঙ্কার কয়েক মাসের মধ্যে “অভেদ্য” হয়ে যেত। তিনি ফক্স নিউজকে বলেন, “এটি দ্রুত ও সিদ্ধান্তমূলক অভিযান হবে”।

যুক্তরাষ্ট্রে: ক্ষয়ক্ষতি
ছয়জন মার্কিন সেনা নিহত ও ১৮ জন আহত হয়েছেন। ট্রাম্প বলেছেন, হামলার জবাব “শিগগিরই” দেওয়া হবে, তবে স্থল সেনা পাঠানোর প্রয়োজন নাও হতে পারে।

ভাইস প্রেসিডেন্টের বক্তব্য
ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলেছেন, প্রধান লক্ষ্য ইরানের শাসকগোষ্ঠীর মনোভাব পরিবর্তন করা এবং দেশটি যাতে “কখনও পারমাণবিক অস্ত্র না পায়” তা নিশ্চিত করা।

লেবাননে সতর্কতা
ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের ৫৯টি এলাকা থেকে সাধারণ মানুষকে জরুরি সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। হিজবুল্লাহর কার্যক্রমের কারণে গ্রামগুলো থেকে কমপক্ষে এক কিলোমিটার দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

জর্ডানে মার্কিন দূতাবাস খালি
রাজধানী আম্মানে অবস্থিত মার্কিন দূতাবাস অনির্দিষ্ট নিরাপত্তা হুমকির কারণে সাময়িকভাবে কর্মীদের সরিয়ে নিয়েছে।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। চতুর্থ দিনে এসে সংঘাত আঞ্চলিক যুদ্ধের রূপ নিচ্ছে, এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।