
জনপ্রিয় তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা
দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা গত ২৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ধুমধাম করে বিয়ের আনুষ্ঠানিকতা সারার পর সোমবার বিজয় তাঁর নববিবাহিত স্ত্রীকে নিয়ে তেলেঙ্গানার খাম্মানপেটে নিজের পৈতৃক ভিটায় পৌঁছান। সেখানে তাঁরা সপরিবারে ঐতিহ্যবাহী সত্যনারায়ণ পূজায় অংশগ্রহণ করেন। তবে এই পারিবারিক সফরের মূল আকর্ষণ ছিল গ্রামের মানুষের জন্য বিজয়ের এক বিশেষ ঘোষণা।
পৈতৃক ভিটায় দাঁড়িয়ে বিজয় দেবরাকোন্ডা তাঁর নিজস্ব দাতব্য ট্রাস্টের মাধ্যমে একটি বড় ঘোষণা দেন। তিনি তেলেঙ্গানার আচাম্পেট বিভাগের ৪৪টি সরকারি স্কুলের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের শিক্ষার পথে যেন কোনো আর্থিক সংকট বাধা হয়ে না দাঁড়ায় এবং তারা যেন নির্বিঘ্নে পড়াশোনা চালিয়ে যেতে পারে। স্ত্রীর উপস্থিতিতে বিজয়ের এই উদার উদ্যোগে উচ্ছ্বসিত হয়ে পড়েন এলাকাবাসী।
বিজয়ের এই ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে রাশমিকা মান্দানা স্বামীর এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। বিজয়ের মা-ও ছেলের এমন সিদ্ধান্তে গর্ব প্রকাশ করেন। গ্রামবাসীর উদ্দেশে বিজয় প্রতিশ্রুতি দেন যে, এখন থেকে তিনি নিয়মিত নিজের শিকড়ে অর্থাৎ গ্রামে যাতায়াত করবেন। এই ঘোষণার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ভক্তরা তাঁকে ‘বাস্তব জীবনের নায়ক’ হিসেবে অভিহিত করেন। এমনকি এক ভক্ত মন্তব্য করেছেন, আগামী ৩০ বছরের মধ্যে বিজয় মুখ্যমন্ত্রী হলেও তিনি অবাক হবেন না।
আজ ৪ মার্চ হায়দরাবাদে জমকালো বিবাহোত্তর সংবর্ধনার (রিসেপশন) আয়োজন করেছেন এই তারকা দম্পতি। ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাদার জীবনেও এই জুটি খুব শীঘ্রই বড় পর্দায় ফিরছেন। রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত ‘রানাবালি’ ছবিতে বিয়ের পর প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে তাঁদের। সিনেমাটি আগামী ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।







































