রবিবার । মার্চ ৮, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৭ মার্চ ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন
শেয়ার

ইরানকে ‘কঠোর আঘাত’ হানার হুমকি ট্রাম্পের


trump

ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৭ মার্চ) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার মুখে ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছে এবং আত্মসমর্পণের মতো অবস্থান নিয়েছে। একই সঙ্গে তারা ভবিষ্যতে ওই দেশগুলোর দিকে আর হামলা চালাবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এর আগে সাম্প্রতিক হামলার ঘটনায় প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখপ্রকাশ করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে—যদি প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলা না করা হয়, তাহলে সেসব দেশের বিরুদ্ধে আর কোনো সামরিক পদক্ষেপ নেবে না তেহরান।

তবে ট্রাম্পের বক্তব্যকে ‘ভুল ব্যাখ্যা’ বলে দাবি করেছেন ইরানের বিশ্লেষক হামিদরেজা গোলামজাদে। ইরানি চিন্তন প্রতিষ্ঠান ডিপ্লো হাউসের পরিচালক গোলামজাদে বলেন, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বক্তব্যকে আত্মসমর্পণ হিসেবে তুলে ধরা পুরোপুরি মিথ্যা।

তার মতে, ইরান কেবল প্রতিবেশী দেশগুলোর কাছে অনুরোধ করেছে—তারা যেন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে সহযোগিতা না করে এবং তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে ইরানের ওপর হামলা চালানোর সুযোগ না দেয়। তিনি এ অনুরোধকে ‘স্বাভাবিক’ ও ‘আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ’ বলেও উল্লেখ করেন।