মঙ্গলবার । মার্চ ১৭, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ১৭ মার্চ ২০২৬, ২:৩৮ অপরাহ্ন
শেয়ার

ইরানে রেজা পাহলভির সমর্থন কমছে, বাড়ছে সমালোচনা


Reza Pahlavi

যাদের অনেকেই তাকে দেশটির বর্তমান শাসনব্যবস্থার বিকল্প হিসেবে দেখতেন, তারা এখন তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে নির্বাসিত বিরোধী নেতা রেজা পাহলভির প্রতি তার একসময়কার সমর্থকদের মধ্যে হতাশা বাড়ছে বলে জানা গেছে। যাদের অনেকেই তাকে দেশটির বর্তমান শাসনব্যবস্থার বিকল্প হিসেবে দেখতেন, তারা এখন তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন।

তেহরানের একাধিক বাসিন্দা জানিয়েছেন, যুদ্ধ শুরুর আগেই পরিস্থিতির পরিবর্তন শুরু হয়, যখন পাহলভি কঠোর দমন-পীড়নের ঝুঁকি থাকা সত্ত্বেও জনগণকে রাস্তায় নামার আহ্বান জানান। সাম্প্রতিক সময়ে পারস্যের ঐতিহ্যবাহী উৎসব নববর্ষ বা নওরোজ উপলক্ষে আবারও তার বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।

নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করা তেহরানের এক বাসিন্দা বলেন, তিনি একসময় বিশ্বাস করতেন পাহলভি ভাঙা বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করতে পারবেন। তবে জানুয়ারির বিক্ষোভে সহিংস দমন-পীড়নের পর তার সেই ধারণা বদলে গেছে। ‌‘হাজারো মানুষ রাস্তায় নেমেছিল, কিন্তু তারা শেষ পর্যন্ত গুলির মুখে পড়ে,’ তিনি বলেন।

বিশ্লেষকদের মতে, জানুয়ারির বিক্ষোভ চলাকালে রেজা পাহলভি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—তিনজনই এমন ইঙ্গিত দিয়েছিলেন যে আন্দোলনকারীরা আন্তর্জাতিক সমর্থন পেতে পারে। কিন্তু বাস্তবে বিক্ষোভকারীরা কোনো উল্লেখযোগ্য সহায়তা পায়নি বলে অভিযোগ রয়েছে।

এদিকে চলমান যুদ্ধ পরিস্থিতিতে আবারও রাস্তায় নামার আহ্বানকে অনেকেই বাস্তবতা-বিবর্জিত বলে মনে করছেন। তেহরানের এক শিক্ষার্থী বলেন, ‘মানুষ এখন প্রতিদিন বেঁচে থাকার অনিশ্চয়তায় ভুগছে। এই অবস্থায় উৎসব বা বিক্ষোভের কথা বলা বাস্তবসম্মত নয়।’

পাহলভির রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে। সমালোচকদের মতে, তিনি কখনও বিদেশি সহায়তার আহ্বান জানান, আবার কখনও বলেন ইরানিদের বাইরের সহায়তা প্রয়োজন নেই—যা তার অবস্থানের অসঙ্গতি তুলে ধরে।

যুদ্ধ চলাকালে বেসামরিক হতাহতের বিষয়ে তার নীরবতাও সমালোচনার জন্ম দিয়েছে। সমালোচকদের অভিযোগ, তিনি বিদেশি সেনাদের মৃত্যুর ঘটনায় সমবেদনা জানালেও ইরানে নিহত সাধারণ নাগরিকদের বিষয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাননি।

এদিকে ইরানের কর্তৃপক্ষ নতুন করে বিক্ষোভ ঠেকাতে কঠোর সতর্কতা জারি করেছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, রাস্তায় নামলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যা সাধারণ মানুষের মধ্যে ভয়ের পরিবেশ আরও বাড়িয়েছে।

তবে সব সমালোচনার মধ্যেও রেজা পাহলবি এখনও কিছু মানুষের কাছে সম্ভাব্য বিকল্প নেতৃত্ব হিসেবে বিবেচিত হচ্ছেন, বিশেষ করে যদি বর্তমান শাসনব্যবস্থা দুর্বল হয়ে পড়ে।

সামগ্রিকভাবে, ইরানের ভেতরে রাজনৈতিক বিকল্প নিয়ে বিভক্তি বাড়ছে এবং পাহলভিকে ঘিরে আস্থা আগের তুলনায় অনেকটাই কমে গেছে বলে ধারণা করা হচ্ছে।

মিডল ইস্ট আই