
জো কেন্ট। ছবি: সংগৃহীত
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় সন্ত্রাসবাদবিরোধী কেন্দ্রের (এনসিটিসি) প্রধান জো কেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কোনো শীর্ষ কর্মকর্তার পক্ষ থেকে এটিই প্রথম সরাসরি যুদ্ধবিরোধী পদক্ষেপ।
মঙ্গলবার (১৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) নিজের পদত্যাগপত্র প্রকাশ করেন তিনি। খবর রয়টার্স ও আল-জাজিরার।
প্রেসিডেন্ট ট্রাম্পকে লেখা চিঠিতে জো কেন্ট উল্লেখ করেন, তিনি বিবেকবান মানুষ হিসেবে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধকে সমর্থন করতে পারছেন না। তার দাবি, ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না। তিনি আরও অভিযোগ করেন, ইসরায়েল এবং তাদের শক্তিশালী লবির চাপেই যুক্তরাষ্ট্র এই যুদ্ধ শুরু করেছে। কেন্টের মতে, ইসরায়েলি কর্মকর্তাদের একটি ‘ভুল তথ্য প্রচার অভিযান’ ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতিকে ক্ষতিগ্রস্ত করে যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে।
সাবেক এই গ্রিন বেরে কর্মকর্তা ও গোয়েন্দা বিশেষজ্ঞের পদত্যাগে খোদ মার্কিন গোয়েন্দা মহলে বিস্ময় সৃষ্টি হয়েছে। কেন্ট জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই তুলসী গ্যাবার্ড নিজেকে জনসমক্ষ থেকে আড়ালে রেখেছেন।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, এই সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন। কেন্টের এই পদত্যাগ ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরে যুদ্ধ নিয়ে গভীর মতভেদের বিষয়টিই সামনে নিয়ে এলো। তবে এ বিষয়ে হোয়াইট হাউস বা জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তর থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।






































