
‘শাহেদ–১৩৬’ ড্রোন
ইউক্রেন যুদ্ধে রাশিয়া যে ইরানি তৈরি ‘শাহেদ–১৩৬’ ড্রোন ব্যবহার করেছিল, এবার সেই একই ড্রোন দিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে ইরান। গত ৪৮ ঘণ্টায় বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে কয়েক শ ড্রোন হামলার খবর পাওয়া গেছে।
বাহরাইনের মানামা শহরে ড্রোন আঘাতে একটি বহুতল ভবনে আগুন লাগার দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। একই সঙ্গে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দপ্তরের কাছেও ড্রোন উড়তে দেখা গেছে বলে ভিডিওতে দাবি করা হয়।
সোমবার সংযুক্ত আরব আমিরাত জানায়, তাদের লক্ষ্য করে ৬৮৯টি ড্রোন ছোড়া হলে এর মধ্যে ৬৪৫টি ভূপাতিত করা সম্ভব হয়। বিশ্লেষকদের মতে, আঞ্চলিক মিত্রদের ওপর চাপ ও ভয় সৃষ্টি করতেই তেহরান এই ড্রোন কৌশল বেছে নিয়েছে।

ইউক্রেনের হামলায় ধ্বংস হওয়া একটি শাহেদ-১৩৬ ড্রোন
যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী, এসব ড্রোনের নকশা করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী–সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। পরে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে রাশিয়ার ইয়েলাবুগা শহরের একটি কারখানায় বিপুল পরিমাণে এই ড্রোন তৈরি হচ্ছে।
এদিকে হামলার ধারাবাহিকতায় সৌদি আরবের রাস তানুরা শোধনাগার এলাকায় ড্রোন হামলার পর অগ্নিকাণ্ডের ঘটনাও মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান

































