রবিবার । মার্চ ৮, ২০২৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক বিনোদন ৭ মার্চ ২০২৬, ১:৩৩ অপরাহ্ন
শেয়ার

পিক্সারের বড় চমক ‘মনস্টার্স ইনকর্পোরেটেড ৩’ 


monstar

‘মনস্টার্স ইনকর্পোরেটেড’-এর তৃতীয় কিস্তি তৈরির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে স্টুডিওটি

অ্যানিমেশন প্রেমীদের জন্য দারুণ খবর নিয়ে এলো পিক্সার স্টুডিও। তাদের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘মনস্টার্স ইনকর্পোরেটেড’-এর তৃতীয় কিস্তি তৈরির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে স্টুডিওটি। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত পিক্সারের এক প্রোফাইলে এই রোমাঞ্চকর তথ্যটি নিশ্চিত করা হয়েছে। স্টুডিওটি বর্তমানে তাদের নতুন সিনেমা ‘হপার্স’ মুক্তির প্রস্তুতিতে ব্যস্ত থাকলেও, দর্শকদের জন্য বড় চমক হিসেবে সুলি ও মাইক ওয়াজাউস্কির পর্দায় ফেরার খবরটি এখন টক অফ দ্য টাউন।

২০০১ সালে এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমাটি মুক্তি পাওয়ার পর বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল এবং বক্স অফিসে প্রায় ৫২৮.৭ মিলিয়ন ডলার আয় করে ইতিহাস গড়ে। এর এক যুগ পর ২০১৩ সালে প্রিক্যুয়েল ‘মনস্টার্স ইউনিভার্সিটি’ আগের সব রেকর্ড ভেঙে দিয়ে ৭৪৩.৫ মিলিয়ন ডলার আয় করে পিক্সারের ঝুলি সমৃদ্ধ করেছিল। বড় পর্দার এই সাফল্যের রেশ ধরে পরবর্তীতে ‘মনস্টার্স অ্যাট ওয়ার্ক’ নামে একটি সিরিজও বেশ দর্শকপ্রিয়তা পায়। তবে নতুন এই সিনেমাটি কে পরিচালনা করবেন বা এর গল্প কোন দিকে মোড় নেবে, তা নিয়ে এখনই মুখ খুলছে না পিক্সার কর্তৃপক্ষ। গল্পের সময়কাল ও মূল চরিত্রদের ভূমিকা নিয়ে রাখা হয়েছে রহস্যের আবছায়া।

পিক্সার কেবল মনস্টার্সের ওপরই নির্ভর করছে না, বরং আরও কিছু বড় সিক্যুয়েল নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। তালিকায় রয়েছে ‘টয় স্টোরি ৫’, ‘দ্য ইনক্রেডিবলস ৩’ এবং ‘কোকো ২’-এর মতো সফল সব ফ্র্যাঞ্চাইজি। তবে সিক্যুয়েলের পাশাপাশি কিছু মৌলিক গল্পেও হাত দিয়েছে তারা। আগামী বছর ভেনিসের এক বিড়াল চোরকে নিয়ে আসছে ‘গ্যাটো’।

এছাড়া এশীয় পৌরাণিক কাহিনি নির্ভর ‘ওনো ঘোস্ট মার্কেট’ এবং ডোমি শির মিউজিক্যাল সিনেমা নিয়ে কাজ চলছে। পিক্সারের নতুন সিনেমা ‘হপার্স’ ইতোমধ্যেই বক্স অফিসে শুভসূচনা করেছে, যার প্রথম সপ্তাহান্তের আয় ৪০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।