শনিবার । মে ৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৯ মে ২০২৬, ৬:৩১ অপরাহ্ন
শেয়ার

লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার


kareena-kaisar

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার

জনপ্রিয় ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। লিভার–সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে তিনি বর্তমানে রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। আজ শনিবার দুপুরে এই খবরটি নিশ্চিত করেছেন তাঁর বাবা ও জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।

কায়সার হামিদ জানান, কারিনা আগে থেকেই ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছিলেন কিন্তু কিছুটা অবহেলা ও নিয়মিত ওষুধ সেবন না করায় হঠাৎ ইনফেকশন দেখা দেয়। এর মধ্যে তিনি হেপাটাইটিস এ–তেও আক্রান্ত হন। গতকাল শুক্রবার রাতে লিভার ফেইলিউর হলে চিকিৎসকরা তাঁকে লাইফ সাপোর্টে নেওয়ার সিদ্ধান্ত নেন।

বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক। কায়সার হামিদ তাঁর মেয়ের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও বিনোদন অঙ্গনে পরিচিতি পেয়েছেন কারিনা কায়সার। চরকি অরিজিনাল সিরিজ ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’-এর মতো আলোচিত কাজগুলোতে তাঁর সরব উপস্থিতি ছিল। বেশ কয়েক দিন ধরেই তাঁর অসুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছিল। অবশেষে তাঁর পরিবারের পক্ষ থেকে এই দুঃসংবাদটি জানানো হলো।