
মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে বড় ধরনের কারিগরি ত্রুটির সম্মুখীন হয়েছেন বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারী। শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের অসংখ্য ব্যবহারকারী হঠাৎ করেই এই সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ব্যবহারে চরম ভোগান্তিতে পড়েন।
প্রায় এক ঘণ্টা স্থবির থাকার পর মেটার এই মাধ্যমগুলো ধীরে ধীরে সচল হতে শুরু করলেও এখনো অনেক ব্যবহারকারী পুরোপুরি স্বাভাবিক গতিতে এগুলো ব্যবহার করতে পারছেন না।
এই কারিগরি ত্রুটি চলাকালীন অসংখ্য ব্যবহারকারী অভিযোগ করেন, ফেসবুক ও মেসেঞ্জারে প্রবেশ করতে গেলেই ট্যাব লোড হচ্ছিল না। অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশ করার চেষ্টা করলেই স্ক্রিনে ‘an unexpected error occurred’ এবং ‘something went wrong’ এর মতো মেসেজ আসছিল। এছাড়া অ্যাপ বা ওয়েবসাইট রিলোড হতে দীর্ঘ সময় নেওয়া এবং নিউজফিড আপডেট না হওয়ার মতো সমস্যার কথাও জানিয়েছেন অনেকে।
বিশ্বজুড়ে এই ধরনের ত্রুটি পর্যবেক্ষণকারী জনপ্রিয় ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ১ লাখের বেশি ব্যবহারকারী ফেসবুক নিয়ে সরাসরি অভিযোগ জানিয়েছেন। একই সময়ে প্রায় ১০ হাজার ব্যবহারকারী মেটার অপর জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ব্যবহারে এবং লগইন করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হওয়ার কথা সাইটটিতে রিপোর্ট করেছেন। বাংলাদেশে শুক্রবার সন্ধ্যা ৭টা ২১ মিনিটের পর থেকেই ফেসবুক আইডিতে লগইন করা যাচ্ছিল না এবং সচল আইডিগুলোও স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায়।
সার্বিক এই পরিস্থিতির সুনির্দিষ্ট কোনো কারিগরি কারণ মেটা এখনো আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করেনি। তবে উদ্ভূত এই বৈশ্বিক বিভ্রাট নিয়ে ব্যবহারকারীদের আশ্বস্ত করে প্রতিষ্ঠানটি জানিয়েছে যে, তাদের প্রকৌশল দল সমস্যাটি সম্পর্কে অবগত রয়েছে এবং ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের সব সেবা দ্রুত স্বাভাবিক করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।















































