সোমবার । জুন ১৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক স্বাস্থ্য ১৫ জুন ২০২৬, ৮:৫৭ অপরাহ্ন
শেয়ার

হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু


Sastho Adidoptor

ফাইল ছবি

দেশজুড়ে হামের প্রকোপ থামছেই না। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও এক হাজার ৩৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। আজ সোমবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন করে মারা যাওয়া চার জনকে নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৬৫৬ জনের মৃত্যু হলো।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে ৬৪ জনের শরীরে সরাসরি হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই একই সময়ে আরও ৯৭২ জনের মধ্যে রোগটির নানা উপসর্গ দেখা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৮৬ হাজার ৯২৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। আর এই তিন মাসে মোট ১০ হাজার ৩৮৭ জনের ল্যাবে হাম শনাক্ত হয়েছে।

হাসপাতালে ভর্তির চিত্রে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭১ হাজার ৪৬৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে আশার কথা হলো, আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৬৭ হাজার ৮৭৮ জন।