মঙ্গলবার । জুন ১৬, ২০২৬
স্পোর্টস ডেস্ক ওয়ার্ল্ডকাপ গোল গ্রাফ ১৬ জুন ২০২৬, ১:০৬ পূর্বাহ্ন
শেয়ার

বিশ্বকাপে প্রথম ম্যাচের পরই বরখাস্ত তিউনিসিয়ার কোচ সাবরি লামুশি


Sabri

সাবরি লামুশি

বিশ্বকাপের মাত্র একটি ম্যাচের পরই প্রধান কোচ সাবরি লামুশিকে বরখাস্ত করেছে তিউনিসিয়া ফুটবল ফেডারেশন।

৫৪ বছর বয়সী সাবেক ফরাসি আন্তর্জাতিক কোচ লামুশিকে ছাঁটাই করা হয় সুইডেনের বিপক্ষে তিউনিসিয়ার ৫-১ গোলের বড় পরাজয়ের একদিন পর। রোববার মেক্সিকোর মনতেরেতে অনুষ্ঠিত গ্রুপ ‘এফ’-এর ম্যাচে বিধ্বস্ত হয় তিউনিসিয়া।

তিউনিসিয়া ফুটবল কর্তৃপক্ষ অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে মুনধের কেবাইয়ারকে। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত জাতীয় দলের দায়িত্ব পালন করা কেবাইয়ার গত বছর থেকে কারিগরি পরিচালকের দায়িত্বে ছিলেন। আগামী রোববার ভোরে একই ভেন্যুতে জাপানের বিপক্ষে ম্যাচে তিনি দলকে নেতৃত্ব দেবেন।

৫৬ বছর বয়সী কেবাইয়ার ২০২১ সালে তিউনিসিয়াকে আরব কাপের ফাইনালে তুলেছিলেন। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে আলজেরিয়ার কাছে হেরে যায় তার দল। পরের বছর আফ্রিকা কাপ অব নেশনসেও তিউনিসিয়ার যাত্রা শেষ হয় কোয়ার্টার-ফাইনালে।

বিদায়ের আগে লামুশি বলেন, নিজেদের ভুলের কারণেই দলকে বড় মূল্য দিতে হয়েছে।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘এটি খুবই কঠিন হার। কষ্টদায়কও বটে। এত বড় পরাজয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা সত্যিই কঠিন। আমরা অনেক বেশি ভুল করেছি।’

বিশ্বকাপ শুরুর আগেই চাপে ছিলেন লামুশি। প্রস্তুতি ম্যাচে বেলজিয়ামের কাছে ৫-০ গোলে হারের পর সমালোচনা বাড়ে। এছাড়া দলের আনুষ্ঠানিক সদস্য না হওয়া সত্ত্বেও তার ছেলের প্রশিক্ষণ ক্যাম্পে উপস্থিতি নিয়েও গণমাধ্যমে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তাকে।

গ্রুপ পর্বে তিউনিসিয়ার বাকি দুই প্রতিপক্ষ জাপান ও নেদারল্যান্ডস। রোববার ডালাসে অনুষ্ঠিত ম্যাচে জাপান ও নেদারল্যান্ডস ২-২ গোলে ড্র করেছে।

শেষ দুই ম্যাচকে সামনে রেখে লামুশি বলেছিলেন, ‘আমাদের আত্মসম্মান আছে। আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’

দ্বৈত তিউনিসিয়ান ও ফরাসি নাগরিকত্বধারী লামুশি খেলোয়াড়ি জীবনে অক্সের, মোনাকো, পার্মা, ইন্টার মিলান ও মার্সেইয়ের মতো ক্লাবে খেলেছেন।

কোচিং ক্যারিয়ারের শুরুতে তিনি আইভরি কোস্টকে ২০১৪ বিশ্বকাপে তুলেছিলেন। সে আসরে প্রথম ম্যাচে জাপানকে হারালেও শেষ ম্যাচে গ্রিসের কাছে নাটকীয় পরাজয়ের কারণে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় দলটিকে।

বিশ্বকাপের সঙ্গে লামুশির হতাশার সম্পর্ক আরও পুরোনো। ১৯৯৮ বিশ্বকাপের আগে ফ্রান্সের চূড়ান্ত দল থেকে তাকে বাদ দিয়েছিলেন কোচ এমে জাকে। ফলে নিজ দেশে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে ফ্রান্সের প্রথম শিরোপা জয়ের ইতিহাসের অংশ হতে পারেননি তিনি।

পরে তিনি ফরাসি ক্লাব রেন এবং ইংল্যান্ডের নটিংহ্যাম ফরেস্টের কোচ হিসেবে কাজ করেন। এছাড়া কাতার, কার্ডিফ সিটি ও সৌদি আরবেও স্বল্প সময়ের জন্য দায়িত্ব পালন করেছেন।

আফ্রিকা কাপ অব নেশনসে হতাশাজনক পারফরম্যান্সের পর চলতি বছরের জানুয়ারিতে আড়াই বছরের চুক্তিতে তিউনিসিয়ার কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন লামুশি। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচের ভরাডুবিই তার মেয়াদকে মাত্র এক ম্যাচেই সীমাবদ্ধ করে দিল।