
কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড’ তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক
আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো প্রবর্তিত বিশেষ সম্মাননা পেলেন দেশের সাবেক ও বর্তমান ৯ জন কৃতি ক্রীড়াবিদ। গতকাল রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে মনোনীতদের হাতে এই ‘কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড’ তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই আয়োজনে সাবেকদের পাশাপাশি বর্তমান প্রজন্মের প্রতিভাবান ক্রীড়াবিদদেরও পুরস্কৃত করা হয়েছে।
পুরস্কারপ্রাপ্তদের তালিকায় সাবেক তারকাদের মধ্যে রয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং সাবেক তারকা ফুটবলার আলফাজ আহমেদ। এছাড়া বর্তমান সময়ে মাঠ কাঁপানো সাতজন ক্রীড়াবিদ এই সম্মাননা অর্জন করেছেন। তারা হলেন—ক্রিকেটার মারুফা আক্তার, ফুটবলার ঋতুপর্ণা চাকমা, হকি তারকা আমিরুল ইসলাম, ব্যাডমিন্টন খেলোয়াড় আল আমিন জুমার, আর্চার সাগর ইসলাম, টেবিল টেনিস খেলোয়াড় খৈ খৈ মারমা এবং প্যারা অলিম্পিক অ্যাথলেট চৈতি রানী দে।
সম্মাননা হিসেবে প্রতিটি ক্রীড়াবিদকে ট্রফির পাশাপাশি এক লাখ টাকা করে অর্থ পুরস্কার প্রদান করা হয়। সাবেক প্রধানমন্ত্রীর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত এই সম্মাননা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন খেলোয়াড়রা।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, এটি কেবল শুরু; আগামীতে এই অ্যাওয়ার্ডকে আরও বৃহৎ পরিসরে এবং আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের। দেশের ক্রীড়াবিদদের মনোবল চাঙ্গা করতে এবং তাঁদের কৃতিত্বের যথাযথ মর্যাদা দিতে এই ধরনের উদ্যোগ নিয়মিত চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।





































