বুধবার । মার্চ ১১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১০ জানুয়ারি ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শেয়ার

কুয়েতে মাদক পাচারের দায়ে বাংলাদেশিসহ ৩ প্রবাসীর যাবজ্জীবন


kuwait

ছবি: সংগৃহীত

কুয়েতে মাদক পাচার ও এই সংক্রান্ত অপরাধে জড়িত থাকার দায়ে এক বাংলাদেশিসহ একাধিক বিদেশি নাগরিককে কঠোর সাজা দিয়েছে দেশটির ফৌজদারি আদালত। আদালতের দেওয়া রায়ে মাদক পাচারের গুরুতর অভিযোগে দুইজন আফগান নাগরিক এবং একজন বাংলাদেশি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। কুয়েত কর্তৃপক্ষের মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছিল।

আদালতের নথি অনুযায়ী, এক আফগান নাগরিককে হেরোইন বিক্রির সময় হাতেনাতে আটক করা হয় এবং অপরজনকে হাওয়াল্লি এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার করা হয়। অন্যদিকে, সাজাপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকের কাছে হেরোইন ও হাশিশসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাওয়া যাওয়ায় অপরাধের গুরুত্ব বিবেচনা করে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

মাদক সংক্রান্ত অন্যান্য মামলায় আদালত আরও কয়েকজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। এর মধ্যে মাদক রাখার দায়ে এক ফিলিপাইনের নাগরিককে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি, মাদক পাচার ও সেবনের অভিযোগে একজন সরকারি চাকুরিজীবী এবং একজন চিকিৎসককেও ১০ বছরের জেল ও ১০ হাজার কুয়েতি দিনার জরিমানা করা হয়েছে।

কুয়েত সরকার জানিয়েছে, মাদক নির্মূলে তারা অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে এবং এই অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতে মাদক পাচার রোধে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের বিশেষ অভিযান ও কঠোর আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে সতর্ক করা হয়েছে।