সোমবার । জুন ১৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১৫ জুন ২০২৬, ৭:৩৫ অপরাহ্ন
শেয়ার

কানাডার ম্যাচ ছেড়ে কেটি পেরির কাছে ট্রুডো, সমালোচনার ঝড়


Ketty-peri-Trudo

সংগৃহীত ছবি

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিজ দেশের প্রথম বিশ্বকাপ ম্যাচে উপস্থিত না থেকে যুক্তরাষ্ট্রের ম্যাচ দেখতে যাওয়ায় সমালোচনার মুখে পড়েছেন। তিনি ওই ম্যাচে গিয়েছিলেন তার প্রেমিকা কেটি পেরির উদ্বোধনী পরিবেশনা উপভোগ করতে।

রোববার (১৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রুডো লেখেন, “কখনো কখনো একজন সহায়ক প্রেমিকের দায়িত্বও পালন করতে হয়।” তবে বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে তিনি কানাডাকেই সমর্থন করছেন বলেও উল্লেখ করেন।

বিশ্বকাপের উদ্বোধনী দিনে টরন্টোতে কানাডা-বসনিয়া ম্যাচ এবং লস অ্যাঞ্জেলেসে যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে ম্যাচ প্রায় একই সময়ে অনুষ্ঠিত হয়। কিন্তু নিজ দেশের খেলা দেখতে না গিয়ে ট্রুডো লস অ্যাঞ্জেলেসে উপস্থিত হন। ম্যাচের আগে কেটি পেরির পরিবেশনার পর তাকে ট্রুডোর কাছে গিয়ে অভ্যর্থনা জানাতে দেখা যায়।

গ্যালারিতে ট্রুডো ও কেটি পেরির একসঙ্গে সময় কাটানোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেক কানাডিয়ান ক্ষোভ প্রকাশ করেন। কেউ কেউ বিষয়টিকে দেশের প্রতি অবহেলা হিসেবে দেখেছেন, আবার অনেকে ট্রুডোর আচরণের কড়া সমালোচনা করেছেন।

মাঠের খেলায় টরন্টোয় কানাডা বসনিয়া-হার্জেগোভিনার সঙ্গে ১-১ গোলে ড্র করে। অন্যদিকে লস অ্যাঞ্জেলেসে যুক্তরাষ্ট্র ৪-১ গোলে প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে।

উদ্বোধনী অনুষ্ঠানে কেটি পেরি তার ২০২৪ সালের অ্যালবামের গান পরিবেশন করেন। উল্লেখ্য, ট্রুডো ও কেটি পেরির সম্পর্ক গত বছর আলোচনায় আসে এবং পরে তারা প্রকাশ্যে নিজেদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেন।

সূত্র: বিবিসি