
ছবি: সংগৃহীত
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা মফিজুর রহমান (৬৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) রাতে তারাবির নামাজ শেষে বাসায় ফেরার পথে দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মফিজুর পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাঝের ঘাটা এলাকার বাসিন্দা ছিলেন এবং দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে জীবিকার তাগিদে মক্কায় বসবাস করছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মক্কায় তারাবির নামাজ আদায় করে হেঁটে বাসায় ফিরছিলেন মফিজুর রহমান। পথে একটি দ্রুতগামী গাড়ি তাঁকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
প্রবাসে তাঁর এই আকস্মিক মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পটিয়া পৌরসভার মাঝের ঘাটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। দেশে তাঁর স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে।
নিহতের ছেলে তারেকুর রহমান তারেক জানান, তাঁর বাবা নামাজ পড়ে ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন। বর্তমানে মফিজুর রহমানের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা এখন প্রিয়জনের মরদেহ শেষবারের মতো দেখার অপেক্ষায় দিন গুনছেন।













































