
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তান এলাকায় অবৈধ বিদেশি ওষুধ ও অনুমোদনহীন স্বাস্থ্যপণ্যের একটি গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে দেশটির মেরিন পুলিশ ফোর্স (অঞ্চল–৩)। এ সময় গুদামটির দায়িত্বে থাকা ৩০ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
সোমবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে কুয়ান্তান–সুঙ্গাই লেম্বিং সড়কের পাশে অবস্থিত একটি গুদামে এ অভিযান পরিচালনা করা হয়।
মেরিন পুলিশ অঞ্চল–৩ এর কমান্ডার অ্যাসিস্ট্যান্ট কমিশনার জুলাফেন্দি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই গুদামে অভিযান চালানো হয়। তল্লাশির সময় সেখানে ১১ ধরনের বিভিন্ন বিদেশি ওষুধ ও স্বাস্থ্যপণ্য উদ্ধার করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৩৭১ বক্স বিভিন্ন প্রকার ওষুধ এবং ৭৫০ কার্টন এনার্জি ড্রিংক। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১০ হাজার ৪০৫ রিঙ্গিত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ লাখ টাকা।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, এসব পণ্য বিদেশ থেকে আমদানি করা হলেও মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা ফার্মাসি বিভাগের কোনো বৈধ অনুমোদন সেগুলোর ছিল না।
কমান্ডার জুলাফেন্দি হাসান আরও জানান, জব্দকৃত পণ্য ও আটক বাংলাদেশি নাগরিককে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। ১৯৫২ সালের বিষ আইন, ওষুধ ও প্রসাধনী নিয়ন্ত্রণ বিধিমালা এবং ১৯৮৩ সালের খাদ্য আইনের আওতায় ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
এদিকে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় অনুমোদনহীন ওষুধ ও স্বাস্থ্যপণ্যের বিরুদ্ধে মালয়েশিয়ান কর্তৃপক্ষের নজরদারি আরও জোরদার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।











































